মোরেলগঞ্জে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:১১

বাগেরহাটের মোরেলগঞ্জের পূর্ব খারইখালী গ্রামের চা বিক্রেতা আবু হানিফ ফকিরকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ শুক্রবার ৩ জন গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা আসামিরা হল, খারইখালী গ্রামের তারিকুল (২০), বাদল শেখ (২৯) ও   সাকিব (১৯)। উদ্ধার করা হয়েছে নিহত আবু হানিফের ব্যবহৃত টর্চ লাইট ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা। 
   
জানা গেছে, বুধবার রাতে এবি গজালিয়া বাজারের চা বিক্রেতা মৃত হোসেন আলী ফকিরের ছেলে আবু হানিফ বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার দুপুরে ভাটখালী খালে মাছ ধরার সময় স্থানীয় শিশু কিশোরদের জালে আবু হানিফের মরদেহ উঠে আসে। 
  
আবু হানিফের ভাই সালাম ফকির বলেন, পরিকল্পিতভাবে আবু হানিফকে রাতে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরে ১০-১২টি গুরুতর কোপের চিহ্ন দেখা গেছে। তার স্ত্রী ও ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
  
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার সবাই আবু হানিফের বন্ধু। এদের মধ্যে তরিকুল ইসলামের কাছ থেকে হানিফের ব্যবহৃত একটি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/কেকে